গুজব নিয়ে উপদেষ্টা আসিফের ফেসবুক স্ট্যাটাস

৯ অক্টোবর, ২০২৪ ১১:১৬  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন বলে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে থাকেন অনেকেই। ছড়িয়ে পড়া ওই গুজব নিয়ে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৯ অক্টোবর) সকালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।’

মুহূর্তেই তার এই স্ট্যাটাস ভাইরাল হয়ে গেছে। তিন ঘণ্টায় ২ লাখেরও বেশি রিঅ্যাকশন পড়েছে পোস্টটিতে, মন্তব্য এসেছে প্রায় ২০ হাজারের মতো। শেয়ারও হয়েছে ঝড়ের গতিতে, প্রায় ১০ হাজার বার।

উপদেষ্টা আসিফ মাহমুদের সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। এ.এম আহমেদ আজাদ নামে একজন লিখেছেন, গুজবের হাতিয়ার হিসেবে এসব বিষয় করা সঠিক, গুজবে আতঙ্ক সৃষ্টি করা যায়,কিন্তু পরবর্তীতে এঁরাই নিন্দিত হতে হয়। 

উল্লেখ্য, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে।